আইএস মোকাবেলায় রাশিয়াকে পাশে চায় ইরাক


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২১ মে ২০১৫

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় রাশিয়ার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় রাশিয়ার পক্ষ থেকে বাড়তি মনোযোগ প্রয়োজন। বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

আবাদি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যে, সন্ত্রাসবাদের হুমকি শুধু ইরাক নয়, এর পাশ্ববর্তী দেশগুলোকেও গ্রাস করছে।’
তিনি বলেন, ‘এটি (সন্ত্রাসবাদ) বিবর্তিত হয়, নতুন রূপ ধারণ করে এবং আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে এর (মোকাবেলায়) জন্য রাশিয়ার পক্ষ থেকে বাড়তি মনোযোগ দরকার।’

আইএস মোকাবেলায় আবাদি গত মাসে ওয়াশিংটন সফর করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বে বিমান হামলা চালানোর এবং প্রতিরক্ষা সহায়তা জোরদারের আহ্বান জানান।
আবাদি এখন মস্কোর কাছেও একটি বার্তা নিয়ে যাচ্ছেন এবং তিনি আইএস মোকাবেলাকে রাশিয়ার জন্য ৭০ বছর আগে নাৎসি জার্মানিকে মোকাবেলার সঙ্গে তুলনা করেন।

আবাদি মেদভেদেভকে বলেন, ‘যৌথ প্রচেষ্টায় আমরা এই নতুন শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হবো, যে ধরনের শক্তিকে আপনারা ৭০ বছর আগে পরাস্ত করেছিলেন।

মেদভেদেভ বলেন, ‘আমরা সরকারি পর্যায়ে ইরাককে সমর্থন এবং সহযোগিতা বাড়াতে পেরে আনন্দিত।’ আবাদি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত উচ্চ মূল্য দিয়ে থাকি এবং আমরা মনে করি দু’দেশের সম্পর্ক উন্নয়নের প্রভূত সম্ভাবনা রয়েছে।’

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।