শীর্ষে থেকেই ক্যারিয়ার শেষ করলেন ওয়াটসন


প্রকাশিত: ১২:১২ পিএম, ২৯ মার্চ ২০১৬

আগেই সাকিব আল হাসানকে হটিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। নিজেদের মাটিতে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তখনই সাকিবকে হটিয়ে দিয়েছিলেন র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও র্যাংকিংয়ে নিজেকে শীর্ষে রেখেই ক্যারিয়ারটা শেষ করতে পারলেন ওয়াটসন।

বিশ্বকাপের মাঝপথেই তিনি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ কিংবা টুর্নামেন্ট। যে পর্বেই হোক, বিশ্বকাপেই সর্বশেষ ম্যাচ খেলবেন তিনি। এরপরই টি-টোয়েন্টিকে গুডবাই জানিয়ে দেবেন তিনি। দুর্ভাগ্যভাবেই বিশ্বকাপের শেষ ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। স্বাগতিকদের হারাতে পারলেই হয়তো সেমির টিকি পেয়ে যেতো অস্ট্রেলিয়া। কিন্তু পারেনি। হেরে বিদায় নিতে হয়েছে। সে সঙ্গে ক্যারিয়ারের বিদায় ঘটে গেছে শেন ওয়াটসনেরও।

তবে বিশ্বকাপ থেকে ওয়াটসনের বিদায়টা ঘটেছে মাথা উঁচু করেই। র‌্যাংকিংয়ে নিজেকে তিনি ধরে রেখেছেন শীর্ষস্থানেই। বিশ্বকাপের সুপার টেন পর্ব শেষে আজই আইসিসি খেলোয়াড়দের নিয়ে এই র্যাংকিংটা প্রকাশ করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল ভালো করতে না পারলেও ব্যাট এবং বলে দুর্দান্ত পারফরমার ছিলেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৩৭৩। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৪৬। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। তার রেটিং পয়েন্ট ৩৩২।

টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছেন ক্যারিবীয় বোলার স্যামুয়েল বদ্রি। তার রেটিং পয়েন্ট ৭৫৩। ইমরান তাহির রয়েছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৭৪০। তৃতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। তার পয়েন্ট ৭২৫। ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন বিরাট কোহলিই। ৮৭১ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন শীর্ষে। ৮০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ এবং ৭৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মার্টিন গাপটিল।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।