জাসদের কেন্দ্রীয় নেতাদের ঘেরাও করার হুমকি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ভাঙন রোধ করে সকলে ঐক্যবদ্ধ না হলে কেন্দ্রীয় নেতাদের ঘেরাও করে জাসদের রাজনীতি সমুন্নত রাখতে বাধ্য করবেন বলে হুমকি দিয়েছেন জাসদ রংপুর বিভাগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জাসদ রংপুর বিভাগের আয়োজনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর মহানগর জাসদের সভাপতি গৌতম রায় বলেন, গত ১১ ও ১২ মার্চ ঢাকায় জাসদের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে সৃষ্ট অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে দলে অনৈক্য সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে সারাদেশে জাসদের নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পক্ষের বিশাল জনগোষ্ঠি মর্মাহত ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করার সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।
এসব কারণে সারাদেশের নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী রংপুর বিভাগের জাসদ পরিবারের সকল সদস্যরা জাসদের কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। অন্যথায় রংপুর বিভাগের সকল স্তরের নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ঘেরাও করে জাসদের রাজনীতি সমুন্নত রাখতে বাধ্য করবেন বলে ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে রংপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাসদ নেতা মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে জেলা জাসদের সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম মুকুল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদসহ রংপুর বিভাগের ৮ জেলার জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিতু কবীর/এফএ/আরআইপি