হেরিটেজ নাকি জীবন বড় : প্রশ্ন প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৬ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভেঙে ফেলার খবরে অনেকে হেরিটেজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে টেলিভিশনে টক শো ও পত্রপত্রিকায় লেখালেখি শুরু হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  হেরিটেজ বড় নাকি মানুষের জীবন বড়? চিকিৎসা বড় নাকি হেরিটেজ? ভবনের যতটুকু রাখলে হেরিটেজ রক্ষা হয় ততটুকু রেখে বাকি জায়গায় নতুন ভবন হবে। পুরোনো ভবন ভেঙে মানুষ মারা গেলে তখন কেউ হেরিটেজের দোষ দেবে না, দোষ দেবে সরকারের।

বুধবার রাজধানীর চাঁনখারপুলে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মানুষের জীবন বাঁচাতে সমালোচনা শুনতে রাজি আছেন বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ঢামেক হাসপাতালের পুরোনো সব ভবন ভেঙে বিশ্বমানের আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শত বছরের পুরোনো এসব ভবন ভেঙে পড়ে অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে। হাসপাতালটির ওপর রোগীর চাপ বাড়ছে। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকলে স্বভাবতই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয় না। এসব কারণে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
তিনি বলেন, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা ও আধুনিক চিকিৎসাসেবার সাঙ্গে তাল মেলাতে হাসপাতালগুলোয় বিশেষায়িত চিকিৎসাসেবা চালুসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। যারা ধনী তারা বিদেশে চিকিৎসা করুক আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের সুচিকিৎসা সরকারি হাসপাতালেই নিশ্চিত করতে হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা প্রদানের মতো দক্ষতা ও যোগ্যতা দেশীয় চিকিৎসকদের রয়েছে। শুধুমাত্র তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করলেই তারাও বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশেই দিতে পারবেন।

এমইউ/আরএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।