সাবেক সচিব শহীদ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আবু আলম মোহাম্মদ শহীদ খান/ফাইল ছবি

 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের কাছে এমন তথ্য রয়েছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন।

এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেফতার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পরবর্তীতে অধস্তন আদালতে জামিন না পেলেও উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হলে তিনি কারামুক্ত হন। 

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।