শেরপুরে জামায়াত নেতা নিহত

বিএনপি প্রার্থীসহ ৪০ জনের হাইকোর্টে জামিন আবেদনের শুনানি আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
নিহত জামায়াত নেতা রেজাউল করিম, ফাইল ছবি

 

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ জনের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এ সংক্রান্ত বিষয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসাইন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার পক্ষে শুনানি করবেন।

এর আগে শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় হত্যা মামলায় ৬ শতাধিক আসামি করা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

রেজাউল করিম নিহতের ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাতপরিচয়ের আসামি করা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

 এফএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।