সাবেক এমপি কাজিমের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ/ফাইল ছবি
ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদকের অনুসন্ধানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে থাকাকালে কাজিম উদ্দিন আহমেদ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ১২৯ টাকার সম্পদ অর্জন করেছেন। আদালত কর অঞ্চল ময়মনসিংহের সার্কেল-১৭ থেকে তার ২০০৭-০৮ করবর্ষ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সব নথিপত্র জব্দের আবেদন মঞ্জুর করেছেন।
এমডিএএ/বিএ