মশা নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশার উপদ্রব বন্ধ ও মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সংস্থার সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) ডাকযোগে নোটিশটি পাঠান। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মশা নিধনে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা হবে।
নোটিশে আইনজীবী রাশদুল উল্লেখ করেন, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১ এর ‘ডি’ ব্লকে বসবাসকালে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। তবে একই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নোটিশে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এডিস ও কিউলেক্স মশার আধিক্যের কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ ব্যাপক আকার ধারণ করেছে, যা নাগরিকদের জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। মশা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তা স্রেফ প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি। এই পরিস্থিতিকে সংবিধান-প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় নোটিশে।
এফএইচ/একিউএফ