জুলাই-আগস্ট হত্যা: হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি বদি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবদুর রহমান বদি/ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে ৬ মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালতে এদিন আবদুর রহমান বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পূর্ণিমা জাহান।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

এফএইচ/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।