জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মাসুদুর রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গ্রেফতারের পর মাসুদুর রহমানকে আদালতে হাজির করা হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট প্রকাশের অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মাসুদুর রহমানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া কর্তৃপক্ষ তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় অবস্থানকালে মাসুদুর রহমান ফেসবুকে আল-কায়েদা, হামাস ও তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করেন। এ কারণে মালয়েশিয়া পুলিশ তাকে জঙ্গি সন্দেহে আটক করে। পরবর্তীতে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন
কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ 
৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী 

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে এপিপি মো. হারুন অর রশীদ আদালতকে জানান, আসামির বিরুদ্ধে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই এবং মালয়েশিয়া পুলিশের পাঠানো নথিপত্র সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন। তিনি বলেন, বিষয়টি দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত এবং প্রবাসী শ্রমবাজারের দিকটিও বিবেচনায় রাখা জরুরি।

আদালতে জিজ্ঞাসাবাদের সময় আসামি স্বীকার করেন যে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভালো লাগার কারণে তিনি এসব পোস্ট দিতেন। তিনি জানান, মালয়েশিয়ায় একটি প্রিন্টিং-সংক্রান্ত প্রতিষ্ঠানে কাজ করতেন। আদালত তাকে প্রশ্ন করেন, এ ধরনের পোস্ট দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তিনি সচেতন ছিলেন কি না। জবাবে তিনি জানান, এমন পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারেননি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এমডিএএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।