বিএনপি প্রার্থীর আবেদন

ঢাকা-৪ আসনের ফল চ্যালেঞ্জ শুনানির জন্য গ্রহণ, ব্যালট সংরক্ষণের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৮ মার্চ ২০২৬
ঢাকা-৪ আসনের জামায়াত প্রার্থী জয়নুল আবেদীন (বাঁয়ে) ও বিএনপি প্রার্থী তানভীর আহমেদ/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যালটসহ সংশ্লিষ্ট সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (৮ মার্চ) হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৪ আসনে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন পান ৭৪ হাজার ৪৪৭ ভোট।

নির্বাচন ঘিরে এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য এগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।