পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১১ মার্চ ২০২৬

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান।

পাবনা-৩ আসনে নির্বাচনে জয়ী হন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

এর আগে নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে ২৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনি আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।