শিক্ষার্থীদের ওপর গুলি

ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৬ মার্চ ২০২৬
ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত/ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

এদিন কাফরুল থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে।

১৯ জুলাইয়ের ওই ঘটনায় মামলার বাদী শাহ আলী প্লাজা এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে তার পেটের ডান পাশে দুটি গুলি লাগে এবং সেগুলো পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী বশির উদ্দিন ২০২৪ সালের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তরিকুল ইসলাম তারেক এর আগে একই থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বর্তমান মামলাটি সংবেদনশীল হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।