জামিন নামঞ্জুর, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে আটক থাকবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩১ মার্চ ২০২৬
গত রোববার ফাহিম চৌধুরীকে আটকের পর গুলশান থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়

রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শুনানিতে আসামিকে আদালতে হাজির করা হয়নি।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জাগো নিউজকে বলেন, আদালত আসামির জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।

এসময় মো. ইমরান (৩০) নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিয়ে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখায় পুলিশ। 

গত রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে নেওয়া হয় গুলশান থানায়।

গতকাল সোমবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।