বাড়িতেই বানান রেস্টুরেন্ট স্টাইলের সবজি কোরমা
সব সময় একই ধরনের তরকারি খেতে একঘেয়েমি লাগে। তাই রান্নায় একটু ভিন্নতা আনা জরুরি। চাইলে সাধারণ সবজি দিয়েই তৈরি করতে পারেন মজাদার কোরমা। হাতের কাছে থাকা সহজ উপকরণ ব্যবহার করেই বানানো যাবে সুস্বাদু এই আইটেম।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে সহজে সবজি কোরমা রান্না করবেন-

উপকরণ
১. পেঁপে আধা কাপ
২. আলু আধা কাপ
৩. গাজর আধা কাপ
৪. মাশরুম আধা কাপ
৫. টমেটো আধা কাপ
৬.বরবটি আধা কাপ
৭. ক্যাপসিকাম আধা কাপ
৮. আদা কুচি ২ টেবিল চামচ
৯. রসুন কুচি ১ চা চামচ
১০. দারুচিনি ২টি
১১. তেজপাতা ২টি
১২. কাঁচা মরিচ ৫/৬টি
১৩. পোস্তদানা ১ চা চামচ
১৪. চিনি ১ চা চামচ
১৫. টক দই ১ কাপ
১৬. কাজু বাদাম ২ টেবিল চামচ
১৭. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
১৮. ঘি ও তেল প্রয়োজনমতো
১৯. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
২০. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে পেঁয়াজ, রসুন ও আদা সামান্য ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর পোস্তদানা, ভাজা পেঁয়াজ (বেরেস্তা), কাজুবাদাম, রসুন ও আদা একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে একটি কোরমা পেস্ট তৈরি করে নিন। এবার কড়াই চুলায় বসিয়ে তাতে পরিমাণমতো ঘি ও তেল দিন। তেল গরম হলে দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর তৈরি করা কোরমা পেস্ট কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন।
তারপর পছন্দমতো কাটা সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সবজি কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম পানি ও দই যোগ করুন। কড়াই ঢেকে মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না সবজি নরম ও সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে এলে স্বাদমতো চিনি, কাঁচামরিচ এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে গরম গরম সবজি কোরমা রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
- আরও পড়ুন :
সহজ ও পুষ্টিকর খাবার ডালিয়া বা সুজির খিচুড়ি
সকাল বা বিকেল, নাস্তায় থাকুক প্রোটিনে ভরপুর ডিম-সবজি ওমলেট
এসএকেওয়াই