সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে দাখিলের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০২ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম/ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে স্বাস্থ্যগত তথ্য দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে কামরুল ইসলামের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আসামির আইনজীবীরা সোমবার (৩০ মার্চ) বিষয়টি মৌখিকভাবে ট্রাইব্যুনালের নজরে এনে তার অসুস্থতার দাবি করেছিলেন। এরপর মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে নির্দেশনা চেয়ে আসামিপক্ষ থেকে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা দরখাস্তটি পর্যালোচনা করে দেখবো। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন।’

কারাগারে যাওয়ার আগে থেকেই শারীরিক নানা রোগে ভুগছিলেন কামরুল ইসলাম। গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফেটে যায় তার।

সে সময় তার আইনজীবী নাসিম মাহমুদ বলেছিলেন, সাবেক এই মন্ত্রী পাকস্থলীর ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ওই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে ঢাকা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে। আর জুলাই অভ্যুত্থান দমনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠনিক অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।