চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ফাইল ছবি

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪তম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। এদিন আসামি মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়।

আদালতে শুনানির সময় মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া জানান, মামলাটি মিথ্যা অভিযোগে করা হলেও এরইমধ্যে বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হয়েছে। শুনানির পর চার্জ গঠনের পর বাদী আদালতে জবানবন্দি দেন।

বাদী খলিলুর রহমান তার জবানবন্দিতে মোজাম্মেল হককে নির্দোষ দাবি করে বলেন, তিনি খালাস পেলে তার কোনো আপত্তি নেই।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে খলিলুর রহমানের কাছে নির্বাচনি খরচের কথা বলে ২৫ লাখ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া পরবর্তী সময়ে শরীয়তপুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়েছিল বলেও মামলায় বলা হয়েছে।

পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে এ মামলা দায়ের করেন।

এর আগে, ২০২৫ সালের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এমডিএএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।