শাপলা চত্বর হত্যাকাণ্ড

হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ জুনের মধ্যে জমার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
শেখ হাসিনা/ফাইল ছবি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জন।

রোববার (৫ এপ্রিল) মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। একই সঙ্গে ওই দিন, অর্থাৎ ৭ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়।

আজ আদালতে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানির জন্য এদিন ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরসহ গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেফতার বাকি পাঁচজন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারাদেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা হয়।

এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয়।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।