‘বিয়ে বৈধ, অভিযোগ ভিত্তিহীন’, আদালতে বললেন নাসিরের স্ত্রী তামিমা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
নাসির-তামিমা দম্পতি/সংগৃহীত ছবি

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়েকে বৈধতার দাবি পুনর্ব্যক্ত করেছেন তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই নাসিরকে বিয়ে করার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে করা মামলায় বুধবার (৮ এপ্রিল) আদালতে তামিমার জেরা সম্পন্ন হয়েছে।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানিতে তামিমা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। জেরার সময় তিনি বলেন, ‘নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’

এদিকে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে করা মামলায় বাদীপক্ষের আইনজীবী ইসরাত হোসেন বলেছেন, ‘আজ আমরা পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। এসবের ভিত্তিতেই আদালত ন্যায়বিচার করবেন বলে আমরা আশা করছি। এই মামলার রায়ের মাধ্যমে স্পষ্ট হবে, অবৈধ কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না।’

jagonews24বাদীপক্ষের আইনজীবী ইসরাত হোসেন

তিনি জানান, আগামী ৬ মে মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। এরপর আদালত রায় ঘোষণার দিকে এগোবে।

মামলার সূত্রে জানা যায়, তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন, এমন অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তার সাবেক স্বামী রাকিব হাসান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আইন অনুযায়ী, মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এমডিএএ/এমকেআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।