‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে আগামী ৬ মে শুনানির দিন ঠিক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে তা হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৬ মে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আদেশ দেন। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সম্প্রতি যোগদান করা চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই মামলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। সে কারণে আজ তা উপস্থাপন হয়নি।
এর আগে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে শুনানির জন্য ৬ এপ্রিল দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
গত ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য আসে।
আরও পড়ুন
তেল সংকট ও রপ্তানি কমার অজুহাতে বেড়েছে পিকআপ-কাভার্ড ভ্যানের ভাড়া
পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে আর্টেমিস-২
এ মামলার মোট আসামি আটজন। এর মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
অপর ছয় আসামি পলাতক। তারা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।
পলাতক এই আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
পলাতক এই ছয় আসামিকে হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২৫ ফেব্রুয়ারি। তারপরও তারা হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। পরে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ৬ এপ্রিল দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন বলছে, ২০১৬ সালের ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে ৯ যুবককে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে হত্যা করা হয়। হত্যার শিকার যুবকরা হলেন- মোতালেব ওরফে আবদুল্লাহ, রায়হান ওরফে রায়হানুল কবির ওরফে তারেক, মতিউর রহমান, মো. জুবায়ের হোসেন, সেজাদ রউফ ওরফে অর্ক, তাজউল হক ওরফে রাশিক, আবু হাকিম ওরফে নাঈম, আকিফুজ্জামান খান ও অজ্ঞাতপরিচয় একজন। এছাড়া রাকিবুল হাসান ওরফে রিগান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এফএইচ/কেএসআর