সংরক্ষিত নারী আসন

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম/ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে মনোনয়নপত্রটি গ্রহণ করে আইন অনুযায়ী বিবেচনা করতে বলা হয়েছে। এছাড়া, এটি না গ্রহণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

১৯ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারা নুসরাত তাবাসসুম তার প্রার্থিতা ফিরে পেতে এর আগে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে আজ তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন লিপু ও মনিরুজ্জামান। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তার আরেক আইনজীবী জহিরুল ইসলাম মূসা।

এর আগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি। সংস্থা সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওইদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে তিনি জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

একই দিনে এনসিপির আরেক নেত্রী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করে ইসি। আপিলেও তার প্রার্থিতা টিকেনি।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।