অবৈধ সম্পদ: পুলিশ কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসানের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে অগ্রগতি আনতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আরও পড়ুন
হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন আপিলে বহাল
সারাদেশের সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুল
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মোস্তফা কামাল ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে অবৈধ সম্পদ গড়ে তোলেন। অভিযোগ অনুযায়ী, খন্দকার শামীমা হাসান প্রায় এক কোটি ১৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আবেদনে আরও বলা হয়, শামীমা হাসান নিয়মিত আয়কর প্রদানকারী হওয়ায় তার আয়-ব্যয়ের প্রকৃত চিত্র যাচাই করতে আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ড জব্দ করা জরুরি। এই পরিপ্রেক্ষিতে আদালত নথি জব্দের অনুমতি দেন, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিযুক্ত মোস্তফা কামাল নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। এর আগে ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমডিএএ/কেএসআর