হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আবারও পেছালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৭ মে ২০২৬
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি/ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ চতুর্দশবারের মতো পিছিয়ে আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।

রোববার (১৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান।

গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ এই হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্রে সন্তুষ্টি প্রকাশ করেননি ইনকিলাব মঞ্চের নেতারা।

পরে ১২ জানুয়ারি শুনানির দিন মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চান। আদালত তার আবেদন মঞ্জুর করে ১৫ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। ওইদিন ডিবির দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন তিনি। এরপর আদালত মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দিয়ে সিআইডিকে দায়িত্ব দেয়।

পুনঃতদন্ত শুরু হলে মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। তাকে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। বেলা আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। 

এমডিএএ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।