ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে রিট, আদেশ ২১ মে
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি হয়েছে। শুনানি শেষে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আগামী ২১ মে দিন ঠিক করেছেন আদালত।
রোববার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও মুহাম্মদ মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
পরে এম কে রহমান সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা অর্থনীতি, স্বাস্থ্যসহ ১৮ মাস দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্চনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আগামী বৃহস্পতিবার রিটের আদেশের জন্য দিন ধার্য হয়েছে।
আরও পড়ুন
বেরোবির সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে সবকিছুর তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার নির্ধারণ করবে।
গত ৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও ওই সরকারের গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট করেছিলেন এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দেন। এরপর, তিনি এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও তার আবেদন নাকচ করেন।
এফএইচ/কেএসআর