বাড়ির বিষয়ে ৩০ দিনের মধ্যে রিভিউ করতে পারবেন মওদুদ


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৩ আগস্ট ২০১৬
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এখন নিয়ম অনুযায়ী মওদুদ আহমদ এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন।  রিভিউ (পুনর্বিবেচনা) বিচারাধীন অবস্থায় রাজউক এই বাড়ির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ রাজউকের করা আপিল মঞ্জুর করে ও মওদুদের ভাই মনজুর আহমদের নামে নাম জারি (মিউটিশন) ও ডিক্রি জারি করতে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেন।

বুধবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের জাজমেন্টস অ্যান্ড অর্ডার্সের ১ নং ক্রমিকেই ৮০ পৃষ্ঠার এ রায়টি রয়েছে।

২এর আগে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করার জন্য হাইকোর্ট রায় দেন।

রাজউক এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এ মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।  

গুলশানে বসবাসরত মওদুদ আহমদের বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। একপর্যায়ে বাড়িটির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীরও নামও অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশ ত্যাগ করলে ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ড প্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।

এ অভিযোগে দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে মামলা করেন। তবে মওদুদ আহমদের পক্ষে বাড়িটি সরকারি সম্পত্তি নয় ব্যক্তিগত সম্পত্তি দাবি করা হয়। আর মওদুদ আহমদের ভাই ব্যক্তি মালিকের কাছ থেকেই বাড়িটি ক্রয় করেছেন বলেও দাবি তাদের।

এফএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।