আমীর খসরুর রিট শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদক কর্তৃক তলবের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামীকাল বুধবার।

এ সংক্রান্ত রিট আবেদন উপস্থাপনের পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য বুধবার শুনানির দিন নির্ধারণ করেছেন।

আদালতে আমীর খসরুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। এছাড়া দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

বিভিন্ন দেশে মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে খসরুকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে বলা হয়, আমীর খসরু বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এই নোটিশ পাঠানো হয় আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসার ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম। পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ সেপ্টেম্বর খসরুর আইনজীবীরা তার পক্ষে রিট দায়ের করেন।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।