পল্টনে বোমা বিস্ফোরণ : নব্য জেএমবির ৫ সদস্য সাত দিনের রিমান্ডে
রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
তারা হলেন- শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)।
বুধবার (১২ আগস্ট) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পল্টন থানা এলাকায় বিস্ফোরণের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
জেএ/এমএসএইচ/পিআর