ঢাকা বার নির্বাচনে কারচুপির অভিযোগ, সুপ্রিম কোর্টে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। পাশাপাশি আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) সব জেলা বারে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশে করে। এতে বিএনপিপন্থি তিন শতাধিক আইনজীবী অংশ নেন।

সমাবেশে ঢাকা বারে ভোট ডাকাতির অভিযোগ এনে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, দেশ আজ মহা চোরের খপ্পরে পড়েছে। আদালতকেও আজ অসম্মান করা হচ্ছে ভোট চুরি করে। আমরা এর প্রতিরোধ করবো।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আর কিছুদিন পর সুপ্রিম কোর্ট বার নির্বাচন। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার যদি না হয়, তাহলে আইনজীবীরা মেনে নেবেন না। গত নির্বাচনে যা হয়েছে তার গ্লানি আইনজীবীরা বহন করছেন। এ রকম চিন্তা করলে আইনজীবীরা সমুচিত জবাব দেবেন। তিনি ঢাকা বারের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আগামী রোববার সারাদেশে সব জেলা বারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন বলেন, ঢাকা বারে পুনরায় নির্বাচন দিতে হবে। এই অধিকার আদায়ে আমরা আন্দোলন করবো। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবেন। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল। এতে অংশ নেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আবেদ রাজা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সুমন, আইনজীবী সহিদুল ইসলাম সপু, মাহফুজুর রহমান মিলন, জসিম সরকার, মো. জিয়াউর রহমান, রেজবাউল কবির রিজভী, কে আর খান পাঠান, আবদুল্লাহ আল বাকী সুজা, নুরে আলম সিদ্দিকী, ফয়সাল সিদ্দিকী, শামসুল ইসলাম মুকুল, কামরুল ইসলাম, রহমান মানিক, মো. মাকসুদ উল্লাহ, ওমর ফারুক, নাসিমুল নাসিম, আয়শা, এহসানুর রহমান, শেখ জুলফিকার আলম শিমুল, মু. কাইয়ুম, সুমন মুন্সি প্রমুখ।

এদিকে, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা বারে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বার ভবনের সামনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক প্রর্থী জহিরুল হাসান মুকুলের নেতৃত্বে শতাধিক আইনজীবী বিক্ষোভ করেন।

এফএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।