বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা কামাল জামান রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

রাজধানীর গুলশান থানার বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৯ ডিসেম্বর) তাকে এ মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন।

অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন>>> বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামান গ্রেফতার

মামলা সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গুলশান থানাধীন এলাকায় রাস্তার ওপর বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণপরিবহন ভাঙচুরসহ যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগসহ পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়।

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক মো. রায়হানুল ইসলাম সৈকত বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন। কামাল জামান এ মামলার এজাহারনামীয় আসামি।

জেএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।