খেলা দেখার ফাঁকে নাস্তা
ঘরে বসে প্রিয় দলের খেলা দেখছেন? প্রিয় দলকে সমর্থন দিতে গিয়ে খিদেটা একটু আধটু বেড়ে তো যেতেই পারে! তাই খেলা দেখার সঙ্গে খাওয়া- দুটোই চলুক সমানতালে! রইলো খেলা দেখার ফাঁকে খাওয়ার জন্য মজাদার দুটি রেসিপি-
ভেজিটেবল প্যানকেক
উপকরণ: ১ টি বড় আকারের আলু, ১ টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, ১/৪ কাপ পুঁই পাতা কুচি, ১/৪ কাপ গাজর কুচি, আধা কাপ ফুলকপি কুচি, ৩ টেবিল চামচ আটা/ময়দা, ১ চা চামচ খাবার সোডা, ২ টি ডিম, ১-২ টেবিল চামচ রসুন কুচি, ২-৩ টি মরিচ কুচি, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, বাটার ১ চা চামচ, ভাজার জন্য তেল, লবণ স্বাদমতো, সবজি নিজের পছন্দমতো নিতে পারেন।
প্রণালী: প্রথমে সব সবজি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবং আলু পিষে ফুলকপির সাথে মিশিয়ে নিন। একটি বড় পাত্রে তেল বাদে সব উপকরণ ভালো করে মেখে নিন। প্রয়োজনে আটা বা ময়দা বেশি দিয়ে মাখামাখা করে নিন মিশ্রণটি। এবার একটি ফ্রাইংপ্যানে তেল ব্রাশ করে নিন। খুব বেশি তেল দেবেন না। এরপর প্যানে প্যানকেকের মতো অল্প পুরু ও গোল করে প্যাটির আকারে দিয়ে ভাজতে থাকুন। ৩-৪ মিনিট ভাজার পর লালচে হয়ে এলে ওপরে তেল ব্রাশ করে উল্টে দিন। আবারো ৩-৪ মিনিট ভাজুন। ভালো করে ভাজা হয়ে এলে নামিয়ে নিন প্যান থেকে। এবার সসের সাথে গরম গরম মজা নিন। এই সবজির প্যানকেকের।
চটপটি
উপকরণ: ভেজানো মটর ডাল দেড় কাপ, সিদ্ধ করা চটকানো আলু ২টি, মাঝারি আকারের চিড়িং মাছ ১ কাপ, টমেটো কুচি ১টি, সিদ্ধ ডিম টুকরো করে কাটা ২টি, শসা কুচি ২টি, পেঁয়াজ কুচি ২টি, আস্ত জিরা ৩ চা চামচ, শুকনো মরিচ ২টি, গোলমরিচ ৬টি, কাঁচা মরিচ কুচি ৫টি, ধনেপাতা কুচি আধা কাপ, টেস্টিং সল্ট আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালী: গরম কড়াইয়ে জিরা, লাল মরিচ এবং গোলমরিচ তেল ছাড়া ভাজুন। নামিয়ে ঠাণ্ডা করে গুঁড়া করে নিন। চিড়িং খোসা ছাড়িয়ে লবণ ও হলুদ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিন। আবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। এক কাপ পানিতে তেঁতুল দিয়ে হালকা ফুটিয়ে নিন। এর মধ্যে চিনি এবং ১ চিমটি মসলার গুঁড়া দিয়ে আরো ৫ মিনিট ফোটান। ঠাণ্ডা হলে ভালো করে তেঁতুল গুলে ছেঁকে নিন। চটপটির ডাল, লবণ ও হলুদের গুঁড়া দিয়ে নরম হওয়া পর্যন্ত চুলায় সিদ্ধ করুন। যাতে একেবারে গলে বা শুকিয়ে না যায়। এখন ভাজা পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা মরিচ, অবশিষ্ট মসলার গুঁড়া, টেস্টিং সল্ট, ২ টেবিল চামচ তেঁতুল গোলা এবং তিন ভাগের ১ ভাগ সিদ্ধ ডিম চটপটির মধ্যে দিয়ে দিন। ভালো করে নেড়ে মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। চুলা থেকে নামিয়ে শসা কুচি, টুকরো করা ডিম, ভাজা চিড়িং এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। সঙ্গে দিন তেঁতুলের সস।
এইচএন/আরআই