ফিফা কংগ্রেস

ইরানি কর্মকর্তাদের কানাডায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হলো দেশে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

ভ্যাঙ্কুভারে আজ অনুষ্ঠিত হচ্ছে ফিফা কংগ্রেস। যেখানে পুরো বিশ্বের প্রতিটি দেশের ফুটবল কর্মকর্তারা যোগ দিয়েছেন। তবে সবার মাঝে বিশেষভাবে যোগ দিয়েছে আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের ফুটবল কর্মকর্তারা। যেখানে অনিবার্যভাবে থাকার কথা ছিল ইরান ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের। যারা বিশ্বকাপের অন্যতম অংশগ্রহণকারী দল।

কিন্তু ফিফা কংগ্রেসেই ইরানি ফুটবল কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়নি কানাডা কর্তৃপক্ষ। বরং, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। যদিও এ নিয়ে তুমুল তোলপাড় শুরু হলে, নিজেদের পক্ষে সাফাই গাইছে কানাডা।

অনিচ্ছাকৃতভাবে ইরানের ফুটবল কর্মকর্তাদের তাদের দেশে প্রবেশে বাধা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ।

বুধবার অনিতা আনন্দ বলেন, তার ‘বোঝাপড়া অনুযায়ী’ ইরানের ফুটবল কর্মকর্তাদের কানাডায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছিল। তবে তিনি এটিকে ‘অনিচ্ছাকৃত’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এবং আরও দুই কর্মকর্তা টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের ‘অনুপযুক্ত আচরণের’ কারণে সে দেশে প্রবেশ করতে পারেননি।

আনন্দ এ বিষয়ে বলেন, ‘এটি আমার সরাসরি দায়িত্বের বিষয় নয়, তবে আমার বোঝাপড়া অনুযায়ী অনুমতিটি প্রত্যাহার করা হয়েছিল। এটি অনিচ্ছাকৃত ছিল। এ বিষয়ে বিস্তারিত জানানো অভিবাসনমন্ত্রীর দায়িত্ব।’

তিনি মূলত কানাডার অভিবাসনমন্ত্রী লেনা দিয়াবের দিকেই ইঙ্গিত করেন। এর আগে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, মেহদি তাজ সোমবার ভিসা পেলেও পরে মঙ্গলবার রাতে তাকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডায় আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা আছে।

অভিবাসনমন্ত্রী লেনা দিয়াবের কার্যালয় এক ই-মেইল বিবৃতিতে জানায়, ‘সব ভিসা আবেদন প্রশিক্ষিত কর্মকর্তারা আলাদাভাবে পর্যালোচনা করেন। গোপনীয়তা আইনের কারণে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয়ে মন্তব্য করতে পারি না। তবে কানাডা সরকার পরিষ্কার ও ধারাবাহিকভাবে বলে এসেছে, আইআরজিসি কর্মকর্তারা কানাডায় গ্রহণযোগ্য নন এবং তাদের এখানে কোনো স্থান নেই।’

আগামী ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্ব ফুটলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা বৃহস্পতিবারের ফিফা কংগ্রেসে; কিন্তু ইরানের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসেও ইরানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেখানে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও কোনো আলোচনা হয়নি।

বিশ্বকাপের আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল, ভিসা জটিলতা ইরানি প্রতিনিধিদলের ভ্যাঙ্কুভারে যাত্রা ও পুরো বিশ্বকাপ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ মিশর ও বেলজিয়াম।

ইরানি কর্মকর্তাদের কানাডায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে ফিফার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।