ছেলেরা ফেসিয়াল করবেন যেভাবে


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ এপ্রিল ২০১৫

রোদ-বৃষ্টি যা-ই হোক না কেন, বাইরে বের হলে ধুলাবালির হাত থেকে রেহাই নেই। ধুলাবালির এ অত্যাচারে ত্বক হয়ে পড়ে খসখসে ও অমসৃণ। নিয়মিত ত্বক পরিষ্কার করার পাশাপাশি ছেলেদের ত্বকের জন্য ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম।

কিছু বিষয় সবার জন্যই দরকার। যেমন বাইরে বের হওয়ার আগে হাত-মুখ ধুয়ে সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নেয়া। রাস্তার ধুলাবালি মেখে একাকার হয়ে অফিসে ঢুকে নিজের টেবিলে বসার আগে মুখটা ধুয়ে নিন। ব্যাগে ছোট একটা ফেসওয়াশ রেখে দিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সেটা আপনার অফিসের টেবিলের তাকে রেখে দিতে পারেন।

যারা শিক্ষার্থী, তারা ব্যাগের ছোট পকেটে রেখে দিন। ক্লাসে ঢোকার আগে বা ক্লাসের ফাঁকে দূর করে নিন ধুলোবালি। এটা খুব কঠিন মনে হলে ভেজা টিস্যুর একটা প্যাকেট কিনে নিন। ওটা দিয়ে মুখ মুছে নিন।

যারা এই সময়টুকু পান না, তাদের ত্বকের ক্ষেত্রেই ঘটে যত বিপত্তি। নাকের দুই পাশে, ঠোঁটের কোনা, থুতনির কাছে ব্লাকহেডস ওঠে অনেকেরই। এটা ধুলাবালি ও ঘাম থেকেই হয়। তারা একটু সময় করে মাসের ছুটির একটি দিন বেছে নিন। কোনো বিউটি সেলুনে গিয়ে ফেসিয়াল করে নিন।

শুষ্ক ত্বক যাদের, তারা সানবার্ন ফেসিয়াল করাতে পারেন। এটি রোদের পোড়া ত্বকের জন্যও উপকারী। তা ছাড়া এই ফেসিয়ালটি টিনএজাররাও করতে পারেন। যাদের ত্বক তৈলাক্ত, তারা অ্যালোভেরা ও গোল্ড ফেসিয়াল করাতে পারেন। অনেকের ত্বকেই ব্রণের সমস্যা থাকে, তারা আয়ুর্বেদিক ফেসিয়াল করাতে পারেন। ব্লাকহেডস দূর করতে নিয়মিত ফেসিয়াল করিয়ে নিন। এতে পুরো মুখে ম্যাসাজ করে ব্লাকহেডস তোলা হয়, তাই এতে ত্বকও সতেজ হয়ে ওঠে।

আপনি চাইলে নিজেও নিজের ত্বকের যত্ন নিতে পারেন। রোদে পোড়া ভাব কমাতে চন্দনের প্যাক লাগাতে পারেন। বাজারে স্ক্র্যাব পাওয়া যায়। দু-তিন দিন পর পর তা দিয়ে ত্বক কিছু সময় ম্যাসাজ করতে পারেন। গরম পানিতে ভাপ নিয়ে আস্তে আস্তে দুই আঙুলের ডগা দিয়ে চেপে ব্লাকহেডস বের করতে পারেন। দু-তিন দিন পর পর রাতে ঘুমানোর আগে উপটান লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।