অতিথি আপ্যায়নে মুরগির তেহারি


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০১৫

বাড়িতে অতিথি এলে ভালো কিছু তো রান্না হয়েই থাকে। ধরুন, অতিথি এসেছে, অথচ হাতে সময় কম। ঝটপট ভালো কিছু রাঁধতে চাচ্ছেন। কী রাঁধবেন ভেবে পাচ্ছেন না? এক পাতেই পূর্ণ করতে পারেন আতিথিয়তা। ঝটপট রেঁধে ফেলতে পারেন মুরগির তেহারি। রইলো রেসিপি-

উপকরণ: মুরগি দেড় কেজি ছোট টুকরা করা, চাল ১ কেজি, আদার রস সিকি কাপ, রসুনের রস ১ টেবিল চামচ, পেঁয়াজের রস আধা কাপ, হাড় ছাড়া মুরগির মাংসের কিউব ২ টুকরা, কাঁচা মরিচ ১৪-১৫ টি, সাদা গোলমরিচ আধা চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, দারচিনি-এলাচ ৪টি করে, টক দই ১ কাপ, কেওড়ার পানি ২ টেবিল চামচ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রি ২ চা চামচ।

প্রণালী: জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। মুরগি আদা, রসুন, পেঁয়াজের রস, লবণ, দই ও পাঁচটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। পাত্রে আধা কাপ তেল দিয়ে মাখানো মুরগি মাঝারি আঁচে রান্না করতে হবে। মুরগির পানিতেই মুরগি সেদ্ধ হবে। যদি প্রয়োজন হয় তবে পানি দিতে হবে। পানি শুকিয়ে তেলের ওপর উঠলে গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। হাঁড়িতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে এলাচ, দারচিনি বাটা আধা কাপ তেল, লবণ মাংসের কিউব ও ১০ মিনিট আগে ভেজানো চাল দিয়ে নেড়ে দিতে হবে। পানি ও চাল সমান হলে অল্প আঁচে দমে বসিয়ে কাঁচা মরিচ দিতে হবে। ১০ মিনিট পর রান্না করা মুরগি পোলাওর ওপর দিয়ে কাঠের চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপরে কেওড়াজল ছিটিয়ে দিতে হবে। ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।