বইয়ের যত্ন নেবেন যেভাবে


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

মন ভালো রাখার জন্য বইয়ের তুলনা নেই। সেই বইকে ভালো রাখার জন্য আমাদেরও তো কিছু করণীয় রয়েছে। অনেক সময় বই অনেক সযত্নে রেখেও ভালো রাখা যায় না। পোকামাকড়ের আক্রমণ ছাড়াও নানান রকমের দুর্গন্ধ তৈরি হয় বই থেকে। চলুন জেনে নেয়া যাক, কীভাবে বইয়ের যত্ন নেবেন-

১. প্রথমেই বইয়ের জন্য একটা ভালো শেলফ তৈরি করুন। শেলফের সামনে কাঁচের দরজা দিতে পারেন। এতে বইয়ে ধুলোবালি কম পড়বে।

২. বইয়ের শেলফটাকে যদি শখ করে জানালার কাছে রেখে থাকেন, তাহলে আজই সরান। কারণ ঝড়-বৃষ্টি হলে শেলফে ছিটা পানি প্রবেশ করবে। পানি না গেলেও ঠান্ডা বাতাস ঢুকতে পারে, যা আপনার বইয়ের জন্য বেশ ক্ষতিকর।

৩. সরাসরি রোদ বা আলো প্রবেশ করে এমন জায়গা বেছে বইয়ের শেলফ রাখতে পারেন। তাহলে পোকামাকড়ের আক্রমণ কম হবে।

৪. বইয়ে পোকা বা তেলাপোকার আক্রমণ ঠেকাতে শেলফের কোণায় কালো জিরা ও নিম পাতার গুঁড়ো পুটলি বেঁধে রেখে দিতে পারেন। তবে কিছুদিন পরপর অবশ্যই পুটলি পাল্টাতে হবে। এছাড়া ন্যাপথলিনের গোটাও পোকামাকড় তাড়াতে দারুণ ভূমিকা রাখে।

৫. বইয়ের দুর্গন্ধ এড়াতে সব বই কিছু দিন পরপর রোদে দিন। এতে পোকামাকড়ের আক্রমণও কমে যাবে। এছাড়া সিলিকা জেল বইয়ের ফাঁকে ফাঁকে দিয়ে রাখতে পারেন। বইয়ে কোনো রকম দুর্গন্ধ হবে না।

৬. পোকামাকড়ের আক্রমণ বেশি হলে ডাইক্লোরো ডাইফিনাইল জাতীয় রাসায়নিক পাউডার ব্যবহার করুন। তবে এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। ডাইক্লোরো ডাইফিনাইল খুবই বিষাক্ত রাসায়নিক পাউডার। শেলফে ছিটিয়ে দেয়ার কিছুদিন পর শেলফ ভালোমতো পরিষ্কার করে ফেলুন।

৭. কিছুদিন পরপরই বই বের করে সুতি কাপড় দিয়ে ভালোমতো মুছে নিন। এতে বই থাকবে নতুনের মতো পরিষ্কার।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।