ঝটপট বিকেলের নাস্তা


প্রকাশিত: ১০:৪১ এএম, ১২ মে ২০১৫

বিকেলটা আড্ডা দেয়া কিংবা গল্প করার জন্য উপযুক্ত সময়। এই সময়টুকু নিশ্চয়ই রান্নাঘরে কাটিয়ে দিতে চাইবেন না! আবার খালি মুখে গল্প, আড্ডাও ঠিক যেন জমে না। ঠিক ধরেছেন, এমন কিছু তৈরি করতে হবে যা খেতেও সুস্বাদু আবার তৈরিও করা যায় ঝটপট। রইলো তেমনই দুটি রেসিপি-

চিংড়ি স্যান্ডউইচ

উপকরণ : চিংড়ি মাছ ১ কাপ, ডিম ১টি (সিদ্ধ), পাউরুটি ১০ পিস, গাজর আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ মিহি কুচি ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি : প্রথমে কড়াইয়ে মাখন গরম করে পেঁয়াজ হালকা ভেজে চিংড়ি, কাঁচামরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার সিদ্ধ করা চিংড়ির সঙ্গে মেয়োনেজ মেখে নিন। পাউরুটি চারপাশ কেটে একটি পাউরুটির ওপর মিশ্রণ দিয়ে তার ওপর ডিম, শসা, টমেটের কুচি দিয়ে দিন। এবার এর ওপর অন্য একটি পাউরুটি দিন। সবগুলো এভাবে বানিয়ে পরিবেশন করুন।

মিনি টিকিয়া ললিপপ

উপকরণ: মাংসের কিমা আধা কেজি, ছোলার ডাল সিকি কাপ, শুকনা মরিচ ২-৩টা, জিরা ১ চা-চামচ, ধনে ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, লবঙ্গ ১টা, আদা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ ছোট দুটি, ডিম অর্ধেক।

প্রণালি: পেঁয়াজ, কিমা, ডাল, মরিচ, জিরা, ধনে ২ টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকালে লবণ ও চিনি দিয়ে দারচিনি, লবঙ্গ ও আদা বেটে নিতে হবে। সেদ্ধ মাংস বেটে নিন। এবার বাটা মসলা ও ডিম দিয়ে মাংস ভালোভাবে মেখে নিন। ছোট ছোট টিকিয়া বানিয়ে ললিপপের আকার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।