গর্ভাবস্থায় শরীরচর্চা করবেন যেভাবে
গর্ভাবস্থায় শরীরচর্চা বা ব্যায়াম নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন। ভালো খবর হলো, আপনি চাইলে গর্ভকালীন সময়েও নিরাপদ ব্যায়াম করতে পারেন। গর্ভকালীন সময়ে নিয়মিত ও হালকা ব্যায়ামের মাধ্যমে শরীরকে ঝরঝরে রাখা সম্ভব। তবে এসময় ব্যায়াম কিন্তু অন্যান্য সময়ের মতো হবে না।
গাইনোকোলজিস্টরা বলেন ‘এসময়ও আপনি ব্যায়াম করতে পারেন। তবে নিয়ম মেনে। প্রেগনেন্সির প্রথম কয়েক মাস আপনি সব ধরনের ব্যায়ামই করতে পারেন। তবে এসময় হাঁটাটাই সব থেকে ভালো ব্যায়াম। আর যেটাই করুন না কেন অবশ্যই কোনো ভালো ইন্সট্রাকটরের পরামর্শ মেনে চলা উচিত। যেন কোনো সমস্যা না দেখা দেয়।’
শুধু তাই নয় প্রেগনেন্সির সময়ে আপনার হালকা ব্যায়াম আপনাকে সবসময় অনেক বেশি কর্মঠ রাখবে। আর কিছুদিন পরের ডেলিভারির জন্যও তৈরি করবে। আর হ্যাঁ বাচ্চা জন্ম দেবার পরে শরীরের আকার ঠিক রাখতে সাহায্য করবে এই ব্যায়াম। আর শেষ তিন মাসে পেটের ভিতর বাচ্চার অতিরিক্ত লাফানো ঝাঁপানো থেকেও অনেকটা রক্ষা পাবেন আপনি।
যা করতে পারেন :
১. হাঁটা, সাঁতার, অ্যারোবিকস, যোগব্যায়াম, কেগাল এক্সারসাইজ এসময় করাই ভালো। তবে নিজের শরীরের অবস্থা ডাক্তারকে জানিয়ে তার পরামর্শমতো সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন।
২. প্রথমে কম করে ব্যায়াম করতে শুরু করুন। পরে আস্তে আস্তে সময় বাড়ান। পাঁচ মাসের পর থেকে আপনি অভ্যস্ত নন বা আপনাকে পিঠের ভরে শুতে হবে এমন ব্যায়াম থেকে দূরে থাকুন।
৩. সবসময় নিজেকে হাইড্রেটেড রাখুন। হাতের কাছে পানির বোতল রাখুন। যেন মাঝে মাঝে এক সিপ নিয়ে নিতে পারেন।
যা করবেন না :
১. লাফানো, ঘোড়ায় চড়া, স্কি, ফুটবল খেলা, বাস্কেটবল, ভলিবল বা জিমন্যাস্টিক এড়িয়ে চলুন।
২. যেসব ব্যায়ামে আপনাকে ব্যালান্স করতে হবে সেসবও এড়িয়ে চলুন যেমন সাইকেল চালানো বা ব্যালেট ইত্যাদি। নিজেকে প্রভাবিত করবেন না। এমন পরিমাণে ব্যায়াম করবেন না যেন আপনার শ্বাস বন্ধ হয়ে আসে আর আপনি কথা বলতে পারেন না।
এইচএন/আরআই