জান্নাতুল নাঈমের কবিতা

দিন যাপনের বৈচিত্র্য এবং অন্যান্য

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

দিন যাপনের বৈচিত্র্য

তবুও সময় চলে যায়
যেন কোথাও কিছু হয়নি
ফুলের মতো হাসিতে মুখখানি চাঁদের আলোর মতো ছুুঁয়ে যায়
একেকটি মুহূর্ত সমুদ্রের সুন্দর ছবির মতো মুগ্ধতার অ্যালবাম দেখিয়ে কাটে
কে জানে বুকের ওপাশে দাউ দাউ নগর পোড়ে
লোকে শুধু মুখ, চোখ, হাসি দেখে
লোকেরা গভীর ইতিহাস পড়ে না
শুধু সহজ সহজ পাতার কবিতা পড়ে।

তবুও নীরব দিন যায়
যেন কোথাও বেদনার চিহ্ন নেই
কারুকার্যের মাধুর্যের চাঁদরে শরীর ঢেকে যায়
দিন যাপনের বৈচিত্র্য লোকের নজরে আনন্দ কাড়ে
কে জানে হৃদয়ের ওপাশে ঝরঝর বর্ষা নামে
লোকে শুধু বর্ষাকালে কদম ফুলের সৌন্দর্য দেখে
বৃষ্টির জলে ভেজা শুকনো পাতার চিৎকার শোনে না।

****

সেই রমণী

আজও আমি সেই মানুষটাকে মনে রাখি
যার চোখেমুখে আমাকে নিয়েই যত ক্লেশ
আমার সুন্দর চোখে তার যত ভয়
আমার সুখের হাসিতে তার অমাবস্যা নামে
আমার চুলের ঝড়ে তার বুকে আগুন ঝড়ে
আমার সরলতায় তার বুকে পাথর জমে
সেই রমণী ছায়ারা নামলে আশপাশের সব নীরব হয়ে যায়।

আজও সেই রমণীর মুখ মনে রাখি
যে সুন্দরতম দিনে অসুন্দর কিছু করতে মরিয়া হয়ে ওঠে
কেউ আমাকে স্নেহে বুকে নিলে সে মুহূর্তেই দিশাহারা হয়ে ওঠে
বিশেষ দিনে আনন্দ মাটি করতে পারলে তার চোখেমুখে আনন্দ জ্বলজ্বল করে
অন্যের সুখে যার নগর জ্বলে
সেই রমণীর ছায়ারা নামলে আশপাশে সব নিরস হয়ে ওঠে।

****

একটি কবিতার বই দাও

কথা দিচ্ছি একটি কবিতার বই এলে;
আর এভাবে অলস দুপুরে একাকী থাকবো না
পড়ার টেবিলে কবিতার খেলা বসবে
কবিতার নানান স্কেচ চোখজুড়ে থাকবে
যা দেখি; তাতেই কবিতা রটাবো
তোমার পৃথিবীতে কবিতার মানচিত্র নামাবো
যেই মানচিত্রের অনেকটা জুড়ে কবিতা থাকবে।

আমাকে একটি কবিতার বই দাও
তোমার পৃথিবীজুড়ে কবিতার আলোড়ন তুলবো।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।