কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৬ মার্চ ২০২৬
ফাইল ছবি

রংপুরে বেড়াতে গিয়ে মারা গেছেন গবেষক, ভাষাতত্ত্ববিদ, ইতিহাসবিদ, কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী। ৫ মার্চ সকালে রংপুরের তারাগঞ্জে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক ডেসটিনি এবং দেশজগত পত্রিকার সম্পাদক ছিলেন।

জানা গেছে, মাহমুদুল হাসান নিজামী রংপুরের তারাগঞ্জে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হতে রংপুরের দিকে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় দুজন হাসপাতালে নিয়ে যান। তবে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সেখানকার দায়িত্বরতরা।

কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুরের সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক বলেন, ‘নিজামী রংপুরের তারাগঞ্জে প্রায়ই বেড়াতে আসতেন। বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাস ধরার জন্য বের হওয়ার সময় অসুস্থ হলে একটি ছেলে ও একটি মেয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি বলেন, ‘মারা যাওয়ার ঘণ্টাখানেক পর আমরা বিভিন্ন মারফতে জানতে পারি। মাহমুদুল হাসান নিজামী সকালে যখন মারা যান; তখন তার পাশে পরিচিত কেউ ছিল না। রংপুরের কবি, সাহিত্যিক ও সাংবাদিকেরা তার মৃত্যুর খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করেন। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। শুক্রবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মাহমুদুল হাসান নিজামীর লেখা ৫ হাজারের বেশি কবিতা-গান আছে। এখন পর্যন্ত তার প্রকাশিত বই ১৪০টি। কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ তাকে অনন্য করে তুলেছে।

ড. মুহাম্মদ শহীদুল্লাহর পর আরবি, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানা মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে।

জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। তিনি জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি ছিলেন।

নিজ এলাকায় স্কুল-কলেজসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। মা মরহুমা মায়মুনা খাতুন গৃহিণী ছিলেন।

জিতু কবীর/এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।