আব্দুর রউফ চৌধুরী স্মারক সম্মাননা পাচ্ছেন ৪ কবি ও লেখক
দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রতি বছরের মতো এ বছরও ‘আব্দুর রউফ চৌধুরী স্মারক সম্মাননা ২০২৬’ ঘোষণা করা হয়েছে। দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদ দেশের বিভিন্ন ধারার সাহিত্যচর্চায় অবদান রাখা প্রবীণ ও তরুণ সাহিত্যিকদের স্বীকৃতি জানাতেই স্মারক সম্মাননা দিচ্ছে।
আয়োজকরা জানান, স্মারক সম্মাননা ২০২৬ পাচ্ছেন কবি, সম্পাদক ও প্রাবন্ধিক আসাদুল্লাহ; কবি, প্রাবন্ধিক ও গবেষক বীরেন মুখার্জী; কবি ও গবেষক ড. শাফিক আফতাব; কবি, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক সোহেল মাজহার।
স্মৃতি পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ এপ্রিল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক।
আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাঈদ জানান, সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও উদ্দীপিত করতেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন—তাদের সৃজনশীল সাধনা ও আলোকিত পথচলা ভবিষ্যতে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।
প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যিক উত্তরাধিকারকে স্মরণ ও নতুন প্রজন্মের সাহিত্যিকদের উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
এসইউ