দোলন আর্ট এক্সিবিশন ৯ মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৫ মে ২০২৬
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

শিশু-কিশোরদের সৃজনশীলতার বিকাশে শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’-এর উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীটি ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল পৌনে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

প্রধান অতিথির বক্তব্যে স্টালিন বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। শিশুর আঁকা ছবির মধ্যেই তার মনের জগৎ, স্বপ্ন ও চিন্তার প্রকাশ ঘটে। এ ধরনের প্রদর্শনী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘সারাদেশ থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ করেছে। তাদের সৃষ্টিশীল কাজগুলোকে গ্যালারিতে প্রদর্শনের সুযোগ দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।’

art

স্বাগত বক্তব্য দেন দোলনের সম্পাদক কামাল মুস্তাফা। তিনি বলেন, ‘দোলন দীর্ঘদিন ধরে শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। এ এক্সিবিশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি শিশুদের একটি বড় প্ল্যাটফর্ম দিতে। যেখানে তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে।’

তিনি বলেন, ‘সারাদেশ থেকে প্রায় ১০০ শিশু-কিশোর এ আয়োজনে অংশগ্রহণ করেছে। তাদের প্রতিটি কাজ আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা করছি।’

এক্সিবিশনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবিতে ফুটে উঠেছে প্রকৃতি, দেশপ্রেম, স্বপ্ন, কল্পনা এবং সমকালীন বিভিন্ন বিষয়। দর্শনার্থীদের জন্য এটি হয়ে উঠেছে অনন্য শিল্পভুবন। এ আয়োজনের মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।