ধানুশের সঙ্গে কি দক্ষিণী সিনেমায় দেখা যাবে ভিকি কৌশলকে?
ধানুশ ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এস শঙ্কর তার স্বপ্নের প্রকল্প ‘ভেলপারি’ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। বড় বাজেটের এই সিনেমাকে ঘিরে নতুন গুঞ্জন-বলিউড অভিনেতা ভিকি কৌশল নাকি এতে অভিনয় করতে পারেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটিতে দুজন প্রধান চরিত্র থাকবে। এর মধ্যে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুশের নাম আগে থেকেই আলোচনায় রয়েছে। চিত্রনাট্য অনুযায়ী আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রয়োজন, যার জন্য একজন বলিউড তারকাকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
প্রথমদিকে সেই চরিত্রে রণবীর সিংয়ের নাম শোনা গেলেও এখন গুঞ্জন উঠেছে ভিকি কৌশলকে দেখা যেতে পারে এই সিনেমায়। বিশেষ করে ঐতিহাসিক ঘরানার চরিত্রে ভিকির অভিনয় নির্মাতাদের মুগ্ধ করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে ‘ইন্ডিয়ান’, ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ও ‘আন্নিয়ান’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন শঙ্কর। তবে তার সাম্প্রতিক দুটি সিনেমা গেম চেঞ্জার এবং ইন্ডিয়ান ২ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তাই এবার নিজের স্বপ্নের প্রকল্প ‘ভেলপারি’ নিয়ে বড় পরিসরে ফিরতে চাইছেন এই নির্মাতা।
জানা গেছে, সিনেমাটির গল্প নেওয়া হয়েছে সু ভেঙ্কটেসানকে রচিত ‘বীর যুগ নায়কান ভেলপারি’ উপন্যাস থেকে। উপন্যাসটির পটভূমি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর সময়কাল। এতে পরম্বু নাড়ুর সমাজসেবী নেতা ভেলপারির জীবন তুলে ধরা হয়েছে, যিনি চেরা, চোল ও পাণ্ড্য রাজাদের বিরোধিতা করেছিলেন।
আরও পড়ুন:
মধ্য পৃথিবীতে পা রাখতে যাচ্ছেন টাইটানিকের নায়িকা
এক জীবনে একবার পাওয়া যায় এমন চরিত্রে মাহিরা খান, দিলেন বড় চমক
গল্পে ভেলপারির সাহসিকতা, পরিবেশের প্রতি তার দায়বদ্ধতা এবং শক্তিশালী রাজাদের বিরুদ্ধে তার লড়াই তুলে ধরা হবে।
তবে ভিকি কৌশলকে এই প্রকল্পে চূড়ান্ত করা হয়েছে কি না-এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে ধনুশের সঙ্গে সত্যিই কি দক্ষিণী সিনেমায় ভিকি কৌশলকে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর পেতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এমএমএফ