ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির কমিটি রাজনৈতিকভাবে কার্যকর হবে না

প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ আগস্ট ২০১৬

বিএনপির সদ্য ঘোষিত ৫০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি রাজনৈতিকভাবে কার্যকর হবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। একইসঙ্গে বিএনপি জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবে না বলেই এই ধরনের কমিটি ঘোষণা করেছে বলে মনে করেন তারা।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটির ৪৯৮ জনের নাম ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ৭৩ জনের নাম ঘোষণা করেন। দলটির জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে নতুন মুখ ১১৩ জন।
 
ঘোষিত এই কমিটি সম্পর্কে আওয়ামী লীগ নেতারা মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এই প্রথম এতো বড় কমিটি ঘোষণা করেছে। সেনাকুঞ্জে বেড়ে ওঠা দলটির মধ্যে কোনো সাংগঠনিক চর্চা না থাকায় এ রকম হাস্যকর কমিটি ঘোষণা করেছে।’

আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের ৫০৩ সদস্যের কমিটি এই প্রথম। অতীতে এ রকম বিশাল কমিটি দিয়েছিল বিএনপি। কিন্তু এসব কমিটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এটা বিএনপির নেতারাও বলেছেন অতীতে। আসামি ছাড়া করবে কি। অপরাধমুক্ত, সুস্থ-স্বভাবিক এবং রাজনীতির লোক কোথায় পাবে বিএনপি? বিএনপির জন্মটাই একটা ষড়যন্ত্রের ভেতর দিয়ে।’

বিএনপির নতুন কমিটি ঘোষণার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মনে করি, এই কমিটি বাংলাদেশের রাজনীতিতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী ইতিবাচক ভূমিকা রাখবে। অত্যন্ত ভাইব্রেন্ট একটি কমিটি হয়েছে, ডায়নামিক একটি কমিটি হয়েছে। যে সমস্ত কোয়ালিটি একটি সংগঠনের জন্য প্রয়োজন, প্রত্যেকটি বিষয়ের উপর ভিত্তি করে এই কমিটি গঠন করা হয়েছে।’

তবে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, বিএনপির নব ঘোষিত কমিটিতে অনেক অযোগ্য লোকদের পদায়ন করা হয়েছে। একইসঙ্গে এমন কিছু লোক রয়েছে, যাদের রাজনৈতিক মাঠে কোনো সক্রিয়তা নেই। এমন লোক দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করাই হচ্ছে বিএনপির রাজনৈতিক নির্বুদ্ধিতার প্রমাণ।   

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপির বর্তমান কমিটি নিয়ে দেশ ও জাতির মত আমাদেরও কোনো আগ্রহ নেই। দেশের চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গিদের দলে পদপদবি দিয়ে প্রমাণ করেছে তারা সন্ত্রাস ও জঙ্গিদের লালন পালন এবং ধারণ করে। সুতরাং এ নিয়ে মন্তব্য করার কিছু নেই।’
 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘এই কমিটি দেয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করলো, তারা যুদ্ধাপরাধী, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবে না। এই কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যুদ্ধাপরাধী, জঙ্গি ও সন্ত্রাসীদের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া।’
 
বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন নব ঘোষিত কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু ও সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

এইউএ/এসএইচএস/এমএস

আরও পড়ুন