ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১০ মার্চ ২০২৬

এক মাসের সিয়াম সাধনার রোজা শেষে আগামী ২০ কিংবা ২১ মার্চ উদযাপন হবে ঈদ-উল ফিতর। গতবারের মতো এবারও ক্রিকেটারদের ঈদ উপহার দিচ্ছে বিসিবি। তবে গতবার শুরু হওয়া এই রীতিতে শুধু ক্রিকেটারদের স্ত্রীরা উপহার পেয়েছিলেন। এবার ক্রিকেটাররাও পাবেন। বিসিবি ক্রিকেট অপরাসেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাফিস বলেন, ‘গতবারও আমরা এটা করেছিলাম, এবারও খেলোয়াড়দের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিভাগ থেকে গত ঈদেও আমরা এটি (উপহার) দিয়েছিলাম এবং এবারও তার ব্যতিক্রম হবে না। নিয়মিত অনুশীলনের অংশ হিসেবেই এটি দেওয়া হচ্ছে।’

সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে দেওয়া হবে ঈদ উপহার। ক্রাইটেরিয়া হবে, গত এক বছরে জাতীয় দলের হয়ে যে কোনো ফরম্যাটে অন্তত এক ম্যাচ খেলা। ক্রিকেটারদের জন্য থাকছে পাজামা-পাঞ্জাবি আর নারী ক্রিকেটার ও পুরুষ ক্রিকেটারদের স্ত্রীদের জন্য থাকছে সালোয়ার-কামিজ। এছাড়া ক্রিকেটারদের বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

এবারের উপহারের জন্য বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ‘জুনায়েদ জামশেদ’ (জে ডট) ব্র্যান্ড। উল্লেখ্য, জাতীয় দলের দুই তারকা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম এই ব্র্যান্ডের বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

শাহরিয়ার নাফিস অবশ্য ঈদ উপহারের বাজেটের ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে বিসিবিরই একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, ক্রিকেটাদের ঈদ উপহারের জন্য প্রায় ৪ লাখ টাকার বাজেট করা হয়েছে। আর জনপ্রতি ১০ হাজার টাকার বেশি।

এসকেডি/আইএইচএস/