চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোই ডিআরইউ’র উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোই ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তিনজন স্থায়ী সদস্যসহ এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ জানান।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো চার সাংবাদিক হলেন মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। এর মধ্যে প্রথম তিনজন ডিআরইউ’র স্থায়ী সদস্য।

বিবৃতিতে তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরোনো পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার বিরুদ্ধে যায়। এ ঘটনা সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশেরও পরিপন্থি। তারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানিয়েছে।

ডিআরইউ নেতারা মনে করে, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা আশা প্রকাশ করছে এখন টিভি কর্তৃপক্ষ বিষয়টির সম্মানজনক সমাধান করবে।

সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখন টিভি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিন। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করার, তাই করবে।’

এনএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।