সংসদে হুইপ দুলু

সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
সংসদ অধিবেশনে বক্তব্য দেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু/ছবি: সংগৃহীত

সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে বলে মন্তব্য করে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন হওয়া দরকার। মালিকদের কারণে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

হুইপ বলেন, ‘সরকারি গেজেট হলেও গণমাধ্যম শিল্পের মর্যাদা পায়নি। যে কারণে অনেক গণমাধ্যমের সাংবাদিকরা নিয়মিত বেতন পান না। যেভাবে সরকারি কর্মচারী-কর্মকর্তারা বেতন পেয়ে থাকেন, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকরাও যেন তা পান।’

বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই ফ্যাসিস্টমুক্ত গণতন্ত্রে আমরা সরকারে আছি। আগামী দিনে জনগণ যদি আমাদের ভোট না দেয়, আমরা আপনাদের (বিরোধীদলের) জায়গায় বসবো। আমরা চাই আগামী দিনে ফ্যাসিস্টরা যে কোনো সুযোগ নিতে না পারে।’

সরকারপ্রধান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিরোধীদলের প্রতি অনুরোধ জানান হুইপ। তিনি বলেন, ‘তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, তা কমে আসবে বলে মনে করি।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, ‘সাংবাদিকতার নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হরণ করেছে, এ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা ওয়ান ইলেভেন নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল; এসব সাংবাদিক যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, দেলাওয়ার হোসাইন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল; এ সাংবাদিকদের জবাবদিহির আওতায় আনা দরকার।’

এমওএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।