প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের জামিন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের এক মামলায় আত্মসমর্পণের পর প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে জামিন দিয়েছেন ঝালকাঠির আদালত।
মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির ছয় দিনের মাথায় মঙ্গলবার ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মতিউর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দিয়েছেন বিচারক। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে।
জানা গেছে, কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগ এনে গত ৯ অক্টোবর এ মামলা দায়ের করেন মো. বণি আমিন বাকলাই নামের এক আইনজীবী। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। ওই দিন হাজির না হওয়ায় পরে দুই দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি হাজির হতে বললেও আসামিরা যাননি। এরপর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ২ বছর সাজার বিধান রয়েছে।
এসআই/এআরএস