ঢাবি সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আনিসুর রহমানের ইন্তেকাল


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৮ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আনিসুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন। সোমরার বিকেল সাড়ে ৫টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি রোববার রাত ১টায় তার নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তৈয়াসার গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনিসুর রহমানের নিকট আত্মীয় সাংবাদিক খায়রুল আহসান মানিক জানান, আনিসুর রহমান ১৯৬০ সালে চৌদ্দগ্রামের তৈয়াসার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মমতাজ উদ্দিন আহমেদ পুলিশের কর্মকর্তা ছিলেন,মা মাহমুদা খাতুন গৃহিণী। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। ১৯৭৫ সালে চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান এবং ১৯৭৭ সালে একই বোর্ডের একই বিভাগ থেকে এইচএসসিতে পুনরায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতক সম্মান কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পরে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাশ করে ১৯৮২ সালে একই বিভাগে শিক্ষকতায় যোগ দেন। শিক্ষকতা করেন ১৯৮৯ সাল পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নি:সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী মুন্নী আক্তার ও ছোট দুই বোন এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছে। এই মেধাবী মানুষের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

কামাল উদ্দিন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।