যশোরের প্রবীণ সাংবাদিক জমির আহমেদ টুন আর নেই


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৩ মে ২০১৫

যশোরের প্রবীণতম সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এসকেএম জমির আহমেদ টুন (৮০) আর নেই।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

দীর্ঘ অর্ধশতাব্দির কর্মময় জীবনে তিনি বিভিন্ন সংবাদপত্র ও সাংবাদিকদের সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

শনিবার বাদ আছর শহরের ঘোপ নওয়াপাড়াস্থ মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

জমির আহমেদ টুন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সর্বশেষ প্রায় দু’মাস আগে তিনি শয্যাশায়ী হন। এ সময় ঢাকার বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পর তাকে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন প্রেসক্লাব যশোরের নেতৃত্ব দেয়া এই মানুষটি সংবাদপত্র ছাড়াও যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের প্রতিনিধি ছিলেন।

শুক্রবার রাতে তার মৃত্যুর খবর যশোরে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। শনিবার বিকেলে তার মরদেহ প্রেসক্লাব যশোরে আনা হয়। এসময় যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর সংবাদপত্র পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা আওয়ামী লীগ, নগর বিএনপি, জেলা জাসদ, দৈনিক সমাজের কথাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।