রাজধানীর সবুজবাগে গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৪ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁওয়ের গ্রিন মডেল টাউনে রাস্তার ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, আমরা খবর পেয়ে দক্ষিণগাঁওয়ে গ্রিন মডেল টাউনের র্ই ব্লকের ১১ নম্বর প্লটের রোড-১১ থেকে গলায় গামছা প্যাঁচানো ও নাকে-মুখে আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল সাদা রঙের শার্ট ও সাদা-বাদামি প্রিন্টের লুঙ্গি।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নাকে মুখে আঘাত করে ও পরে গলায় গামছা পেঁচিয়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

কাজী আল-আমিন/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।