ক্ষমতায় এলে গুম-খুনের শিকার পরিবারের দায়িত্ব নেবে বিএনপি: মালিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের শিকার ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের মাজার গেট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন গেটের সামনে ‘মায়ের ডাক’-এর মানববন্ধনে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের শিকার ব্যক্তির স্বজনরা উপস্থিত ছিলেন। তারা তাদের নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানান। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।

ভিকটিমের পরিবারের সদস্যদের অভিযোগ, গুম হয়ে ফিরে আসাদের নিয়ে কমিশন ঘোরাফেরা করছে। কিন্তু যেসব পরিবারের সদস্যরা গুম হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি তাদের নিয়ে গুম কমিশনের কোনো কাজ দেখছি না। আমরা আমাদের বাবা, ভাই, ও আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে মানববন্ধন করতে চাই না।

মানববন্ধনে এম এ মালিক বলেন, ‘সীমান্তে এখনো মানুষ খুন হচ্ছে। কিন্তু এসব ঘটনা তেমন কোনো সংবাদমাধ্যমে আসছে না। এজন্য গুমের শিকার ব্যক্তিরা যতদিন পর্যন্ত ফিরে না আসবেন ততদিন আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকবো। আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো যে আমরা সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশা আল্লাহ। এছাড়া যারা গুম-খুনের শিকার হয়েছেন, সেসব পরিবারের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেবো আমরা।’

মালিক বলেন, ‘গত ১৫ বছর দেশে গুম-খুন জারি ছিল। কিন্তু সরকার পরিবর্তন হলেও এখন কেন ন্যায়বিচার পাচ্ছেন না তারা। তাদের সন্তানরা অনেকভাবেই অবহেলিত। এছাড়া বিগত সরকারের আমলে এই রাষ্ট্র একটা জেলে পরিণত ছিল। ভারতীয়রা তাদের একটা পাপের সরকার তৈরি করেছিল। আমাদের সালাহউদ্দিন আহমদসহ কাউকেই ছাড়েনি সেই পাপের সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা ছাড়েনি।’

দেশে এখনও ভারতীয় নিয়ম চলমান রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী বিশেষ করে ভারতের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশের সাম্য-মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা যেন না হয়; তারা সেই পাঁয়তারা করছেন। তবে গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।’

মায়ের ডাকের সংঘটক সানজিদা ইসলাম তুলি বলেন, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় অগ্রগতির দাবি জানানোর জন্যই আজকের এই আয়োজন। আমরা গুমের শিকার পরিবারের মুখে হাসি দেখতে চাই। তারা যেন এভাবে আর রাজপথে দাঁড়াতে না হয়।

তিনি বলেন, আমরা বছরের পর বছর ধরে রাস্তায় এসে আমাদের বাবা, ভাই, ও আত্মীয়-স্বজনদের সন্ধান চেয় মানববন্ধন করতে চাই না। আমরা এর তদন্ত ও বিচারের আওতায় আনতে চাই।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।